দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে গত তিন মাসে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হেরোইন, ইয়াবা, গাঁজা, বিদেশি মদ ও চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার মে, জুন ও জুলাই মাসের কার্যক্রমের হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত মে মাসে ডিবি ১৯টি মাদক মামলা করে। এসব মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১১৫ গ্রাম হেরোইন, ৮৯০টি ইয়াবা ও ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোটরসাইকেল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।
জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টিসহ মোট ১৮টি মামলা হয়। এসব মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৭ গ্রাম হেরোইন, ৭৪২টি ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ৩০ বোতল বিদেশি মদ, সাত বোতল কেরু ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জুলাই মাসে ১৩টি মাদক মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৫ গ্রাম হেরোইন ও ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে চোরাই ১২ ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন উদ্ধার করে ডিবি।
তিন মাসের হিসাবে ডিবির অভিযানে মোট ২৬৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৯০৬টি ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার করা মাদক, যানবাহন, মুঠোফোন, স্বর্ণালংকারসহ জব্দ করা মালামালের মূল্য প্রায় ৮৭ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো বলেন, মাদক নির্মূলে ডিবির অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবারি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এমএস/